নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খোদেজান বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-মৌখাড়া সড়কের তিরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজান বেগম উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার হোসেনের স্ত্রী।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, রোববার সকালে খোদেজান বেগম হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। তিনি কানে কিছুটা কম শোনেন। এ সময় তিরাইল থেকে বনপাড়াগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
