কমনওয়েলথে ব্যর্থতা ভুলতে বসেছিলেন। ইতিহাস গড়ে উঠেছিলেন সেমিফাইনালেও। প্রত্যাশার আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের প্রথম কোনো সাঁতারু ইসলামী সলিডারিটি গেমসের সেমিফাইনালে গিয়ে। তবে সেখানেই থেমে যেতে হলো সাঁতারু মাহমুদুন নবী নাহিদ।
তুরস্কে চলতি পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফাইনালে যাওয়ার আগেই থেমে গেছে তার স্বপ্নযাত্রা।
হিটে টাইমিং করেছিলেন ৫৬.২০ সেকেন্ড। ফাইনালে উঠতে হলে এর চেয়ে আরও ভালো টাইমিং করতে হতো নাহিদের। কিন্তু তিনি সকালে যে টাইমিং করে সেমিফাইনালে উঠেছিলেন বিকেলে সেটা পারলেন না। ৫৬.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে। সেমিফাইনালে খেলা ১৬ সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ১৩তম।
ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন দুই জন সাঁতারু। অন্যজন হচ্ছেন- আসিফ রেজা। ১১ ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নিচ্ছে পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে। এরই মধ্যে বাংলাদেশ শেষ করেছে অ্যাথলেটিকস, টেবিল টেনিস, হ্যান্ডবল, জিমন্যাস্টিক, কুস্তি। এখনও বাকি ভারোত্তোলন, কারাতে, শ্যুটিং, ফেন্সিং, সুইমিং ও আরচারি।
