শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের লাথি ও চড়ের আঘাত সইতে হয়েছে এক রোগীকে। রোববার (১৪ আগস্ট) দুপুর থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।
২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ আকরাম এলাহী গোলাপি শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক রোগীকে চড় ও লাথি মারছেন। দুই পা জড়িয়ে ধরার পরও ওই রোগীকে বেদম মারতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন কথা বলে ধমকাচ্ছেন ওই চিকিৎসক।
এ ব্যাপারে চিকিৎসক আকরাম এলাহী বলেন, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার পর আমি তাকে মারধর করছি। এতে আমার দোষ কোথায়?
চিকিৎসক আকরাম এলাহীর অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান বলেন, আমি অসুস্থ মানুষ। ওই লোক বিনা কারণে আমার বুকে থাপ্পড় দিয়েছে। তারপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী এখনো কোনো অভিযোগ করেননি। তবে আমি শুনেছি ওই ঘটনাটি নাকি মিমাংসা হয়ে গেছে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমি ভিডিওটা দেখিনি, দেখব। যদি রোগীকে মারধর করে থাকে তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
