দুর্নীতিবাজ-কালোবাজারিদের প্রতিহতের আহ্বান প্রধান বিচারপতির

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০১:২০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ, কালোবাজারিদের প্রতিহত ও সামাজিকভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ৮টায় সুপ্রিম কোর্ট মসজিদে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বলেন, শোকের এই দিনে আমার মনে পড়ে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেওয়া বিভিন্ন ভাষণে দুর্নীতিবাজ চোরাকারবারি, কালোবাজারিদের দেশ ও জাতির শক্র হিসেবে তিনি উল্লেখ করেছেন। আসুন আমরা এই মহান নেতার আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করি, সামাজিকভাবে প্রত্যাখ্যান করি। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। দেশের মানুষ যেন স্বল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করি। এই শপথ গ্রহণের উদাত্ত আহ্বান জানাই।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি শেখ হাসান আরিফ এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত