বাথরুমে স্কুলছাত্রীর লাশ : ধর্ষণ ও হত্যার অভিযোগে তরুণ আটক

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৮:২৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আটক তরুণের (১৮) বাড়ি বোয়ালমারী উপজেলায়। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ সোমবার জানায়, রবিবার বিকালে ওই তরুণ শিশুটির (১২) বাবার মুদি দোকান থেকে দেড় শ টাকা পণ্য বাকিতে কেনেন। শিশুটি তরুণের নিকটাত্মীয়। সন্ধ্যায় বাকির টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে ওই তরুণ তাদের বাড়িতে ডেকে নেয়।

কিছুক্ষণ পরে পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে ওই তরুণের বাড়ির বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তরুণকে আটক করে লোকজন। পরে শিশুটিকে  আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

সুমন কর বলেন, নিহতের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত