কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন আব্দুল্লাহ আল মারুফ নামে এক যুবক। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র। এসময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
বিচ কর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, মারুফ, মাসুম ও শাওনÑ তিন বন্ধু গত রবিবার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে আসেন। গতকাল দুপুর ২টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টের কাছে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে স্থানীয় সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মারুফ এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বিচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
