নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৪:১৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম ওরফে মনা, হৃদয় হোসেন ও জহিরুল ইসলাম ওরফে টিটু। খালাস পেয়েছেন হাবিব ও শাওন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির ২য় তলায় বাদীর কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এড. রকিব উদ্দিন। তিনি জানান, দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছে বাদীপক্ষ।

আদালত পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এ মামলায় আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। ৬ বছর মামলা চলার পর ইব্রাহিম, হৃদয় ও জহিরুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত