দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষা শেষে বড় পর্দায় ফিরেও নিজের কারিশমা ছড়াতে ব্যর্থ আমির খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা'। শোনা যাচ্ছে, সিনেমা হলে এর আয়ু এক সপ্তাহ। অর্থাৎ পরের সপ্তাহেই বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে ফেলা হতে পারে বিগ বাজেটের এই ছবি। যদিও নির্মাতাদের দাবি, এখনও পর্যন্ত লোকসানের মুখ দেখেনি তারা।
১১ আগস্ট মুক্তি পায় 'লাল সিং চাড্ডা'। প্রথম দিনে ১২ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। পাঁচ দিনে মোট ৪৫-৪৬ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি। মাঝে শোনা গিয়েছিল, দর্শক কম থাকায় বেশ কিছু সিনেমা হলে শোয়ের সময় কমিয়ে দেওয়া হয়েছে। যা পরিস্থিতি, তাতে চলতি সপ্তাহেই দেশের অধিকাংশ সিনেমা হল থেকে বিদায় নিতে পারে আমিরের ছবিটি।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর অনুকরণেই তৈরি 'লাল সিং চাড্ডা'। যদিও এতে কিছু দেশীয় ছোঁয়া দিয়েছেন পরিচালক। তবে ছবিটি মুক্তির আগে থেকেই সোশাল মিডিয়ায় তা বয়কটের ডাক দেওয়া হল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খানের বিরুদ্ধে। সেই প্রভাবেই কার্যত ভরাডুবি 'লাল সিং চাড্ডা'র।
জানা যায়, ছবিটি বক্স অফিসে জোর ধাক্কা খাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছে নাকি হতাশাও প্রকাশ করেছেন তিনি। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না কেউই। উল্টো নির্মাতাদের দাবি, এখনো কোনো লোকসান হয়নি তাদের।
আসলে সম্প্রতি শোনা গিয়েছিল, কিছু ডিসট্রিবিউটর নাকি প্রযোজকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। তারই উত্তরে নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এমন খবর ভিত্তিহীন।
ভায়াকম ১৮-এর সিইও অজিত আন্ধারে বলেন, 'বাইরের কোনো ডিসট্রিবিউটর এর সঙ্গে জড়িত নয়। এই দায়িত্ব শুধুমাত্র ভিএইটস্টুডিওস-এর ওপরই ছিল। আর প্রথম দফায় কোনো ক্ষতি হয়নি। ভারত ও ভারতের বাইরে এখনো ছবিটি প্রদর্শিত হচ্ছে। তাই গুজবে কান দেবেন না।'
কিন্তু আমিরের সিনেমা নিয়ে যে উন্মাদনা থাকে, তা এবার যে চোখে পড়ছে না, সেটাও বাস্তব। সূত্র : সংবাদ প্রতিদিন
