এক ঘণ্টায় ট্রাক টুকরো টুকরো করে গলিয়ে ফেলে চোর চক্র

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:৪৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি বড় ট্রাক চুরি করে নিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ট্রাকের সব যন্ত্রাংশ আলাদা করে গলিয়ে ফেলে চোর চক্র। ৬০ হাজার টাকার চুক্তিতে প্রায় কোটি টাকা মূল্যের গাড়িটি চুরি করে মাত্র তিন থেকে চার লাখ টাকায় ভাঙ্গারি হিসাবে বিক্রি করে তারা।

চক্রের দুই সদস্য গাড়ি চালক ইমন ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ডেমরা জোনাল টিমের কর্মকর্তারা।

বুধবার (১৭ আগস্ট) ডিবি কর্মকর্তারা জানান, চুরি হওয়া ডাম্প ট্রাকটির কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া, এ চক্রের হোতা আমান ও তার সহযোগী সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

তারা জানান, ১২ আগস্ট সকালের দিকে ডিএসসিসির কেন্দ্রীয় ময়লা ভাগাড় থেকে বর্জ্য পরিবহনের কাজে যুক্ত একটি ট্রাক চুরি হয়ে যায়। পরবর্তীতে সিটি করপোরেশনের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারি গাড়ি চুরির সঙ্গে চালকদের কোনো যোগসাজশ থাকতে পারে। তবে থানা পুলিশ সেই চোর চক্রের সদস্যদের শনাক্ত করতে না পারায় দুদিন পর ১৪ আগস্ট ডিবির ডেমরা জোনাল টিমের কর্মকর্তাদের অবহিত করে থানা পুলিশ। 
তারপর একাধিক গোয়েন্দা টিম প্রযুক্তির সহায়তায় প্রথমে চোর চক্রের সদস্য গাড়ি চালক ইমনকে আটক করেন। তার দেয়া তথ্য অনুযায়ী চালকের সহযোগী আলমগীর নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথামতো, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়া এলাকায় লোহা গলানোর একটি কারখানা থেকে কিছু যন্ত্রাংশ উদ্ধার করে। সেখান থেকে ট্রাকটির চেসিস নম্বর ও ইঞ্জিন উদ্ধার করে। পরবর্তীতে সিটি করপোরেশনের লোকজনকে ডেকে এনে ট্রাকটি শনাক্ত করা হয়।
 
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চোর চক্রের সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি চালকদের যোগসাজশ রয়েছে। তাদের মাধ্যমে আমানের নির্দেশে ইমন গাড়ি চুরি করে নিয়ে যায়। তারপর সেখান থেকে একটি গোপন কারখানায় নিয়ে ট্রাকটির সব যন্ত্রাংশ খুলে ও কেটে আলাদা করে ফেলে। স্ক্র্যাব হিসাবে রড তৈরির কারখানায় বিক্রি করে দেয়। এই কাজের জন্য আমান ৬০ হাজার টাকা দেয় গাড়ি চালক ইমনকে। তারপর সেই গাড়ি কয়েক হাত ঘুরে রড তৈরির কারখানায় ভাঙ্গারি হিসাবে স্থানান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ট্রাকটি নিয়ে প্রথমে এক জায়গায় কেটে টুকরো টুকরো করেছে। তারপর সেখান থেকে সোনারগাঁওয়ের মোগড়া এলাকার একটি কারখানায় নিয়ে গলিয়ে ফেলেছে। সেখান থেকেই কিছু যন্ত্রাংশ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
তিনি আরও জানান, যেখানে কাটা হয়েছে সেখানকার শ্রমিকরা হয়তো জানেনও না এটি চুরি করা ট্রাক ছিল। তবে যারা কেটেছে কিংবা গলিয়েছে এই দুই কারখানার শ্রমিক ও মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
উল্লেখ্য, শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটির কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত ভারী যানটি চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, চুরি হওয়া হলুদ রঙের ডাম্প ট্রাকটির নম্বর পরী ১০১। ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। গাড়িটির দাম ৮০ থেকে ৯০ লাখ টাকা।

মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে দায়িত্বরত কর্মকর্তারা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের বর্জ্য মাতুয়াইলে রাখা হয়। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকেন। এ ছাড়া সিসি ক্যামেরা দিয়েও পর্যবেক্ষণে রাখা হয়। এমন নিরাপত্তা বলয় থেকে শুক্রবার সকাল ৭টার দিকে গাড়ির চালক বর্জ্য নিয়ে মাতুয়াইলে আসেন। তিনি গাড়ি থেকে বর্জ্য নামিয়ে ট্রাকটি সেখানে রেখে বাসায় চলে যান। রাত ৮টার দিকে গাড়ির চালক এসে দেখতে পান গাড়িটি সেখানে নেই। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) পর্যবেক্ষণ করে দেখা গেছে, গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে কেউ একজন নিয়ে যাচ্ছে, যার মুখ ক্যামেরায় ধরা পড়েনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত