জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়কে লাশ ৩ মাদ্রাসাছাত্র

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় তাদের মৃত্যু হয়েছে। নিহত তিন বন্ধু ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার দশম (দাখিল) শ্রেণির ছাত্র।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছুপুয়া এলাকায় ইউটার্ন নিতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, নিহতরা হলেন কিং ছুফুয়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর আব্দুল গফুরের ছেলে মো. রাজ্জাক, দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত। পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়িতে নিয়ে যায়।

তিনি বলেন, ‘রাত ৮.৩০ টার দিকে তিন বন্ধু অটোরিকশায় করে সিফাতের জন্মদিনের জন্য কেক কিনতে যাচ্ছিলেন বলে জানা গেছে। পথে ঢাকাগামী কোনো গাড়ি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।’

তিনি আরো জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি দেখে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে অটোরিকশার চালককে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত