মহেশখালী উপজেলার কালারমারছড়ার এসপিএম প্রকল্পের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন শতাধিক শ্রমিক।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এসপিএম প্রকল্পের প্রধান গেইটে এ আন্দোলন করেন শ্রমিকেরা।
খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশের একটি দল ও এসপিএম প্রকল্পের চাইনিজ কর্মকর্তারা এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেও সুরাহা করতে পারেননি। আন্দোলনরত শ্রমিকেরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিকেরা।
তারা জানান, বিগত ৫ মাস ধরে প্রায় শতাধিক শ্রমিকের বেতন-ভাতা আটকে রেখে কাজ থেকে ছাঁটাই করেছেন কিন্তু বকেয়া বেতনগুলো দিচ্ছে না। একাধিকবার বেতন বিল জমা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করেননি চায়নিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মহেশখালী থানায় বকেয়া বেতনের জন্য অভিযোগ দিলেও কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েছি এ আন্দোলন করতে।
পরিবার-পরিজনকে দুবেলা ডাল ভাত খাওয়ানোর জন্য আমরা প্রচণ্ড গরমে কষ্ট করলেও বিগত চার পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় অনাহারে দিন যাচ্ছে।
এ অবস্থায় আমরা আমাদের বকেয়া বেতনগুলো দেওয়ার জন্য এসপিএম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি বলে জানান সিটিএল কোম্পানির শ্রমিক শাহাদাত কবির।
তিনি আরও বলেন, বিগত পাঁচ মাস ধরে প্রায় ৮০-৯০ জন শ্রমিক নিয়ে রং, প্লাস্টার ও ফুটিং বাবদ কন্ট্রাক্টে কাজ নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার বিল বকেয়া রেখেছে। এ অবস্থায় আমরা কোথায় যাব?
ফোরম্যান মোহাম্মদ ইয়াসিন জানান, তেলের ট্যাংকে ১৮ জন শ্রমিক নিয়ে ২২ দিন কাজ করেও বেতন না দিয়ে আমাদের চুক্তি বাতিল করে ছাঁটাই করে দিয়েছে। শ্রমিকের মজুরি বাবদ প্রায় ৪ লাখ টাকার বিল না দিয়ে নানানভাবে হয়রানি করে আসছে।
বিকেল ৪টায় মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী এসপিএম প্রকল্পে এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকেরা।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যান ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা পরিশোধের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।
