প্রথম ফ্লাইট উদ্বোধন: ১৭৭ যাত্রী নিয়ে গুয়াংজু গেল বিমান

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১০:৪৪ পিএম

ঢাকা-গুয়াংজু রুটে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী ফ্লাইট। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে এ ফ্লাইটের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী যাহিদ হোসেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রমুখ।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমান একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিমানের আর্থিক অবস্থা ভালো। সামনে আরো ভালো অবস্থানে যাবে বলে আশা করছি। ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনে যাতায়াতের সমস্যা দূর হবে। বর্তমানে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি কম থাকলেও অদূর ভবিষ্যতে এ ফ্রিকোয়েন্সি আরো বৃদ্ধি পাবে। দুই দেশের মধ্যে ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই রুট বিমানের অন্যতম লাভজনক রুটে পরিণত হবে।

জানা গেছে, সকাল ১১টায় ১৭৭ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইট (বিজি-৩৬৬)। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ ওই দিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছে রাত সাড়ে ৯টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত