দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিব স্মরণসভা ‘অনির্ণীত অমিত দা’ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই সভার আয়োজন করেছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স। অনুষ্ঠান বিকেল ৫টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অমিত হাবিবের শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।
ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক আবিদ-এ-আজাদ বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল অমিত হাবিব স্মরণে একই ছাদের তলায় আমরা তার স্বজন, সুজন একত্রিত হব, তাকে স্মরণ করব। এই স্মৃতিচারণায় আপনাদের স্বজন হিসেবে চাই।’
গত ২৮ জুলাই রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর। এর আগে গত ২১ জুলাই দেশ রূপান্তর অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। ২৯ জুলাই রাতে জন্মস্থান ঝিনাইদহের মহেশপুরের কাজীরবেড় গ্রামে চিরনিদ্রায় শায়িত হন সাংবাদিক গড়ার এই কারিগর।
