নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৪৫ এএম

নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন কলাভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সেলিম আল দীনের সমাধির সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বাংলা নাটককে সেলিম আল দীন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি সবার হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্থান করে নিয়েছেন।’

শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিকে সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পাঁচ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাবে ‘প্রাচ্য’ মঞ্চায়ন করা হয়। এ ছাড়া আজ সন্ধ্যায় ‘কীত্তনখোলা’, শনিবার ‘বনপাংশুল’, রবিবার ‘কেরাতমঙ্গল’ এবং সোমবার মঞ্চায়িত হবে নাটক ‘পুত্র’।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের পুকুরপাড় প্রতিভা মডেল কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গণে গতকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত