সমাবেশে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের মারামারি, আহত ২

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০২:৪৯ এএম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ মঞ্চে সংগঠনের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের একটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলের অনুসারী। অন্য পক্ষ যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের সমর্থক। ছুরিকাঘাতে আহত হয়েছেন শহরের কাটনারপাড়ার বাসিন্দা ও শহর যুবদলকর্মী মিলটন। আর মারপিটে আহত হয়েছেন শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল ও জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল যখন সভাপতির বক্তব্য দিচ্ছিলেন, তখন তাকে ধাক্কা দেওয়া হয়। এ নিয়ে হইচই শুরু হলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে প্রথমে মঞ্চে উঠে পড়েন। পরে দলীয় কার্যালয়ের সামনে আহ্বায়ক জুয়েল গ্রুপ ও সরকার মুকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত