দিনাজপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শুক্রবার বিকেলে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়।
নিশ্চিন্তপুর নয়াপাড়া পাতা খেলা কমিটি এই খেলার আয়োজন করে।
আয়োজকেরা জানিয়েছেন, এই খেলায় অংশ নেয় চার তান্ত্রিক। তার সকলেই মাঠ ফি ১০০ দিয়ে এই খেলায় নাম লিখিয়েছিলেন। আর এই খেলা দেখতে মাঠ জুড়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখের পড়ার মতো।

চার তান্ত্রিকের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর এলাকার তান্ত্রিক রণি, একই এলাকার তান্ত্রিক দেওয়ান, চিরিরবন্দর উপজেলার তান্ত্রিক মুশফিক এবং সদর উপজেলার কাঁওগা এলাকার তান্ত্রিক সুকুমার। অন্যদিকে এসব তান্ত্রিক তাদের মন্ত্রবলে মাঠে মাঝখান থেকে মানুষ রূপী পাতা হিসেবে ছিলেন ৩ ব্যক্তি।
তারা হলেন কাঁওগা এলাকার সাকিব ও রফিকুল এবং ভাটপাড়া এলাকার চঞ্চল।
খেলায় প্রথম স্থান অধিকারী দেওয়ান তান্ত্রিককে উপহার স্বরূপ দেয়া হয় দুটি হাঁস। দ্বিতীয় স্থান অধিকারী রণি তান্ত্রিককে দেয়া হয় একটি হাঁস এবং তৃতীয় স্থান অধিকারী তান্ত্রিক সুকুমারকে দেয়া হয় ক্রেস্ট উপহার।

পাতা খেলা দেখতে আসা পঞ্চাশোর্ধ্ব বয়সী ভাটপাড়া এলাকার মোবারক হোসেন বলেন, ‘আমি তো এই খেলা অন্য জায়গায় দেখছি। এখানে এবারই প্রথম দেখতে আসলাম। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক হয়ত। এখন কম হয়। এই খেলা দেখতে মজা লাগে।’
খেলায় বিজয়ী রণি তান্ত্রিক বলেন, ‘ই খেলা আসলে মনসা পূজার পরে পরেই হয়ে থাকে। এই খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। কয়েকজন মিলে মানুষ রূপী পাতাকে নিজের টেনে নেওয়া হয় মন্ত্র বলে। এখানে বিজয়ী হলে পুরস্কৃত করা হয়।’
মুশফিকের দলের তান্ত্রিক অনন্ত বলেন, ‘এখানে বিজয়ী হওয়াটাই বড় কথা। এখানে তান্ত্রিকের মন্ত্রের শক্তি পরীক্ষা করা হয়। আমরা ১০ থেকে ১৫ ধরে এই খেলা করছি। নিজের মন্ত্রের শক্তি যদি না থাকে তবে কীভাবে হয়। পুরস্কার বড় নয় জেতাই বড়।’
