'স্বজনদের মামলা না নেওয়ায় প্রমাণ হয় সরকার গুম করছে'

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিরোধী নেতাকর্মীদের গুমের বিষয়টি সরকার অস্বীকার করে। কিন্তু তারা গুম হওয়া নেতাকর্মীদের খুঁজে বের করেন না। এমনকি গুম হওয়া নেতাকর্মীদের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা করতে গেলে থানা সেই মামলা নেয় না। এসব ঘটনা প্রমাণ করে সরকার গুমের সঙ্গে জড়িত।’ 

শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ের ডাক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ‘গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বিশেষ করে কারো মা, কারো বাবা কিংবা ছেলে-মেয়ে বিভিন্ন সময়ে আর্তনাদ করেন। হারিয়ে যাওয়া স্বজনদের লাশ চান। সে সময় সরকার নিষ্ঠুর ও পাশবিক আচরণ করে। শুধু তাই নয়, গুম হওয়ার পর যারা ফেরত এসেছেন তারা কীসের ভয়ে কথা বলতে চান না। অথচ বোবা কান্না করেন। যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ করেন গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা তাদের যখন পদোন্নতি হয় তখন মানুষের সন্দেহ বাড়ে।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকার যদি গুম না করে থাকে তাহলে তদন্ত করে না কেনো। সেই তদন্তে গুম হওয়া নেতাকর্মীদের স্বজন, বিচারপতিসহ সংশ্লিষ্ট সবাইকে রাখতে হবে। গুম হওয়া ব্যক্তিরা যদি স্বেচ্ছায় আত্মগোপন করে থাকে তো তাদের খুঁজে বের করতে পারেন না কেনো। সামান্য একটা পটকা ফুটলে তো ২৪ ঘণ্টাও লাগে না বিএনপি নেতাদের ধরতে। অথচ গুম হওয়া নেতাকর্মীদের খোঁজ দিতে পারেন না। এতোদিন দেশের মানুষ জানতো। এখন সারাবিশ্ব জানে যে সরকার গুম করছে। এ জন্য সরকারকে তদন্ত করতে বলছে।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ নেতা তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত