পেনাল্টি নিয়ে এমবাপে নেইমার দ্বন্দ্বের সুরাহা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:০০ এএম

মঁপেলিয়েকে ৫-২ গোলে হারানোর ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেন নেইমার। এমবাপে ম্যাচের প্রথম পেনাল্টি মিস করার পর দ্বিতীয়টি নেন নেইমার। কিন্তু ওই পেনাল্টি এমবাপে নিতে চেয়েছিলেন। ওই মুহূর্তে দুজনের কথোপকথনের নানা ছবি ও ভিডিও দেখা গেছে নেট দুনিয়ায়। নেইমার স্পট কিক থেকে গোল করার পর উদযাপনও করেননি এমবাপেএমনও দেখা গেছে। দুই সুপারস্টারের মধ্যে অবনতি হয়। তাদের দুজনের দ্বন্দ্ব নিয়ে পুরো সপ্তাহই ইউরোপীয় গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়। কোচ ক্রিস্তফ গালতিয়ে বিষয়টি স্বীকার করলেও দ্বন্দ্ব হাতাহাতিতে গড়িয়েছিল বলে খবরকে নাকচ করে দিয়েছেন।

লিলের বিপক্ষে লিগের দ্বিতীয় খেলার আগে সংবাদ সম্মেলনে নতুন কোচ বলেন, ‘সপ্তাহটা আমাদের জন্য আনন্দদায়ক ছিল। সবাই খুব ভালো কাজ করেছে। প্রতিটি সেশন আমি উপভোগ করেছি এবং এই ঘটনাটি (নেইমার-এমবাপে কলহ) দ্রুত অদৃশ্য হয়ে গেছে। অন্তত আমাদের মিটিংয়ের পর। দু’জনকে আমাদের যা বলার ছিল, বলার পরের দিনই দুজনকে দেখলাম সবকিছু সুরাহা করে নিতে।’

পেনাল্টি কে নেবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া আছে বলে জানান গালতিয়ে, ‘প্রথম পেনাল্টি নেবে এমবাপে। দ্বিতীয় পেনাল্টি নেইমার। এই ক্রমে পরের দুই নাম লিওনেল মেসি ও সার্জিও রামোস। আত্মবিশ্বাস বজায় রাখতে আমাদের স্ট্রাইকারের গোল করা গুরুত্বপূর্ণ।’ লিগের ওই ম্যাচে এমবাপে মেসিকে ধাক্কা দেন, তা নিয়েও হয় সমালোচনা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে নেইমার তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। এমবাপে লিগে এক ম্যাচ খেলে করেছেন এক গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত