২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে আজ সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এ সময় তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন ২৪ জন। আহত হন কয়েকশ নেতাকর্মী।
