অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এদিকে, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে ওসি মনিরুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২১ আগস্ট) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
শুনানিকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে দুদক ইতিমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১০ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সায়েদুল হক সুমন রিট আবেদনটি করেন।
