টাঙ্গাইলের নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।
রোববার সকালে উপজেলার ধুবড়িয়া তেরাস্তা বাজার এলাকায় সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সিএনজিটি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, সিএনজি মালিক মনির হোসেন সকালের দিকে সিএনজি চালু করতে গেলে গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়।
এ সময় সকলেই নিরাপদ দূরত্বে চলে যান। কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো সিএনজিটি পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সিএনজিটিকে শেষ রক্ষা করা যায়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা কিছু আগুনের ফুলকি ছিল সেগুলো সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলি। সেই সঙ্গে আগুনে পোড়া সিএনজিটি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখি।
