ডাক্তারের গায়ে হাত তুলেছে মেয়ে, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৪:৪৯ পিএম

ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা তার মেয়ের হাতে এক ডাক্তারের লাঞ্ছিত হওয়ার ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

মিজোরাম রাজ্যের রাজধানী আইজলের একটি ক্লিনিকের একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাকে দেখতে অস্বীকার করার পরে মুখ্যমন্ত্রীর মেয়ে মিলারি ছাংতে বিরক্ত হন। ওই চিকিৎসক পরামর্শের জন্য ক্লিনিকে আসার আগে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছিলেন।

ভাইরাল হওয়া ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মেয়ে ডাক্তারের দিকে হেঁটে যাচ্ছেন এবং তার মুখে আঘাত করছেন।

বুধবারের ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর মিজোরাম ইউনিটও এই ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ শুরু করে এবং গতকাল ডাক্তাররা কালো ব্যাজ পরে কর্মস্থলে আসেন।

মুখ্যমন্ত্রী অবশেষে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি তার পোস্টে আপলোড করা হাতে লেখা নোটে বলেন যে, একজন ডাক্তারের সঙ্গে তার মেয়ের ‘দুর্ব্যবহারের’ জন্য তিনি ক্ষমাপ্রার্থী এবং তিনি কোনোভাবেই তার মেয়ের এমন আচরণকে মেনে নেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত