বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে ফিরিয়ে দেওয়া রিকশাচালক আমিনুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রবিবার (২১ আগস্ট) দুপুরে গুলশান-২ এর উত্তর সিটি করপোরশেনের নগর ভবনে এক অনুষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে এ পুরস্কার তুলে দেন মেয়র।
সে সময় আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কোনো পুরস্কারের আশায় তিনি এ কাজ করেননি। অন্যের সম্পদ তিনি ব্যবহার করতে চাননি বলেই ফেরত দিয়েছেন। পুরস্কার পেয়ে আনন্দিত।
এর আগে গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিকশাচালক আমিনুল ইসলামকে সততার পুরস্কার হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি তাকে তিনি নগদ টাকাও পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় একটি সেলফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান আমিনুল। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।
