সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে জনতার বাধা এবং অতর্কিত হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান আহত হয়েছেন। একইসঙ্গে, ইউএনওর গাড়ি ভাঙচুরও করেছে তারা। গুরুতর আহত লিয়াকত সালমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য রবিবার (২১ আগস্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে তিনি ও এ্যাসিল্যান্ড লিয়াকত সালমান শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর বলদিপাড়া হলদিঘর এ সরেজমিন পরিদর্শনে যাই।'
সে সময় সেখানে এলাকার উশৃংখল কিছু উঠতি যুবক ও নারীরা পথরোধ করে ও অশালীন আচরণ করে। এক পর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাসুদ রানা সাংবাদিকদের জানান, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান এর আঘাত বেশ গুরুতর তার মাথায় আটটি সেলাই দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুরের বাইরে থাকায় এখনও কোন মামলা হয়নি।
কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু জানান, ঘটনাস্থলে পৌছে দেখি এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকার লোক আশ্রায়ন প্রকল্পের জন্য নির্ধারিত এই খাস খতিয়ানভূক্ত জায়গাটি খেলার মাঠ দাবি করে আন্দোলন সংগ্রাম ও মানববন্ধন করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
