কেন নিজেকে বিয়ে করেছেন, জানালেন কণিষ্কা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৯:০৯ পিএম

কোনো পুরুষকে নয়, গোটা দেশকে চমকে দিয়ে গত ১১ জুন নিজেকে বিয়ে করেছিলেন গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। সম্প্রতি একই কাজ করেন জনপ্রিয় টিভি সিরিয়াল 'দিয়া আউর বাতি হাম' খ্যাত অভিনেত্রী কণিষ্কা সোনি।

২৪ বছরের তরুণীর এমন কাজে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কণিষ্কা পাবলিক ফিগার হওয়ায় ক্ষমা বিন্দুর তুলনায় তাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এই অবস্থায় সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী।

নিজেকে বিয়ে করা নিয়ে কি যুক্তি দিলেন তিনি?

কণিষ্কা জানান, 'আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। আমি কিন্তু ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী।' এরপর অভিনেত্রী বিয়ে সম্পর্ক নিযস্ব মতামত জানান। বলেন, 'আমার মনে হয়, বিয়ে কেবল যৌনতার জন্য নয়, বরং ভালোবাসা-সততার জন্যই বিয়ের মতো সুন্দর সম্পর্ক। যদিও বিষয়গুলোর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে। অতএব, এখন একা বাঁচাই ভালো।'

কণিষ্কা যে নেশায় আসক্ত হয়ে নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেননি, বরং সুস্থ মস্তিষ্কেই এই ভাবনা, তা-ও জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, 'আমি গাঁজা বা মদের নেশায় আমার সিদ্ধান্তের কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেছি- অনেকে এমনটা বলছেন। তাদের উদ্দেশে জানাতে চাই, মন থেকে আমি এতটাই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী যে বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নেশায় আসক্ত হইনি। কিন্তু মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।'

উল্লেখ্য, 'দিয়া অউর বাতি হাম' ছাড়াও 'দো দিল এক জান', 'দেব কা দেব…মহাদেব', 'পবিত্র রিশতা', 'সঙ্কটমোচন মহাবলী হনুমান'-এর মতো একাধিক টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন অভিনেত্রী কণিষ্কা সোনি। নিজেকে বিয়ের পর কপালে বধূবেশে সিঁদুর, মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপরই সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। সূত্র : এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত