ইমরান খানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১:০৪ এএম

পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার একটি রাজনৈতিক সমাবেশে ইমরান খান ওই হুমকি দিয়েছেন বলে পুলিশ অভিযোগ করেছে। খবর বিবিসির।

এ নিয়ে দেশটিতে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে হাজার হাজার সমর্থক অবস্থান নিয়েছে। 

গত এপ্রিল মাসে ক্ষমতা হারানোর পর থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর কড়া সমালোচকে পরিণত হয়েছে ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান।

ইমরান খান শনিবার অভিযোগ করেছিলেন, তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে নির্যাতন করা হয়েছে। এরপরেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ।

উসকানি দেয়ার অভিযোগে ওই সহযোগীকে আটক করা হয়েছিল। তাকে আটক করার কারণে শনিবার একটি জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের নিন্দা করেন ইমরান খান।

তিনি অভিযোগ করেন, তার দলের সহকর্মীদের ওপর অন্যায় আচরণ করা হচ্ছে।

‘তোমরাও প্রস্তুত থেকো, আমরাও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো,’ ওই দুজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে সমাবেশে দেওয়া বক্তৃতায় বলেছেন ইমরান খান।

পুলিশের তদন্তকারীরা বলছেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন।

ইমরান খানের বিরুদ্ধে পুলিশের তদন্ত শুরুর খবর জানার পর হাজার হাজার সমর্থক তার ইসলামাবাদের বাড়ির সামনে জড়ো হন। তারা ঘোষণা দেন, ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তারা পুরো রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

তবে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে নয়, তারা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে রয়েছেন।

গত এপ্রিল মাসে একটি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। এরপর থেকেই তিনি নতুন নির্বাচনের দাবি আসছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত