টাইগার তরুণদের ব্যাটে ঝড়, প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পন্ড

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৫:২৪ পিএম

প্রথম প্রস্তুতি ম্যাচে আলোর ঝলক দেখা গিয়েছিল টাইগার তরুণ তুর্কিদের ব্যাটে। দ্বিতীয়টিতে এসে তাদের ব্যাটের ধার যেন আরও বেড়ে গিয়েছিল। ঝড়ো একটা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফিফ তুলেছেন ঝড়ো একটা ফিফটি। মিরাজের ব্যাটেও আসে চল্লিশোধ্র্ব এক ইনিংস। তবে বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পন্ড হয়ে যায়।  

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ ছিল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। তবে তার আগে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পান জাতীয় দলের ক্রিকেটাররা এবং সেখানে নিজেদের ভালোভাবেই মেলে ধরেছেন তারা।

ব্যাট হাতে ঝড় তুলেছেন আফিফ হোসেন ধ্রুব এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন। ৫টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

আফিফ-মোসাদ্দেকের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে জাতীয় দলের ক্রিকেটারদের সমন্বয়ে গড়া বিসিবি রেড টিম।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বিসিবি লাল দল। এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজ মিলে ইনিংস ওপেন করেন। ১০ বলে খেলে ১৩ রান করে শুরুতেই আউট হয়ে যান এনামুল হক বিজয়। মেহেদী মিরাজ খেলেন ৪৬ রানের ইনিংস। তবে তিনি বল খেলেন ৩৪টি। যদিও সমান ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।

১৯ বলে ৩০ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন অধিনায়ক সাকিব। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৩ রান।

জবাব দিতে নেমে বিসিবি সবুজ দল ২.৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে করেন ২১ রান। মোহাম্মদ রবিন ১০ এবং পারভেজ ইমন অপরাজিত থাকেন ৯ রানে। এরপরই নামে বৃষ্টি। যে কারণে শেষ পর্যন্ত আর ম্যাচেই অনুষ্ঠিত হলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত