বন্দিশালার চাবি হাসিনা আঁচলে বেঁধে রেখেছেন: রিজভী

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৬:৫৬ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'অবৈধ আওয়ামী সরকার যে বিরোধী নেতাকর্মীদের খুন, গুম করছে তা বিশ্ববাসী জেনে গেছে। এখন তাদের বিরুদ্ধে গুম-বিচারবহির্ভূত হত্যার অভিযোগ সারাবিশ্ব থেকে আসতে শুরু করেছে। মিথ্যা মামলা এবং নির্বিচারে গ্রেপ্তার, নজরদারি, খবরদারির মাধ্যমে গোটা বাংলাদেশকে এখন এক নিষ্ঠুর বন্দিশালায় পরিণত করা হয়েছে। বন্দিশালার লৌহ কপাটের চাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের আঁচলে বেঁধে রেখেছেন।'

সোমবার (২২ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, ‘নিপীড়ক শেখ হাসিনার বুদ্ধি, বিবেচনা, আত্মমর্যাদা, আত্মসম্মান এবং জাতি হিসেবে কোনো গৌরব নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীকে ধর্ণা দিতে পাঠিয়েছিলেন অন্য দেশে। যাতে তার অবৈধ ক্ষমতা টিকে থাকে। এই ঘটনায় লজ্জাহীন আওয়ামী সরকার গোটা জাতিকেই অপমানিত করেছে।’

তিনি বলেন,‘পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীরা ভণ্ড রাজনীতিবিদের মতো আচরণ করছে। কিন্তু প্রকারন্তরে তারা দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছেন।’

বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব দ্রব্যের মূল্য বাড়িয়েছে এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। তার প্রতিবাদে শনিবার থেকে সারাদেশে উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গুরুতর আহত করেছে। গৌড়নদীসহ দেশের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের মাটিকে তারা রক্তরঞ্জিত করেছে। আজকে তারা লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী নামে দেশবাসীর কাছে পরিচিত।’

তিনি অভিযোগ করে বলেন, ‘শনিবার বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বকশিগঞ্জ উপজেলায় কর্মসূচি শেষ করার পর উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ভিপি ও ইউনিয়ন চেয়ারম্যান ফখরুজ্জামান মতিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলা, কুমিল্লার দেবিদ্বারে বিএনপির সমাবেশ বানচাল করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত