খালেদার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:৪৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে গিয়ে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছেন। সোমবার (২২ আগস্ট) বিকাল পৌনে পাঁচটায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে তার এক্স-রে, ইকো, ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়। 

খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তার লিভারে ও ফুসফুসে সমস্যা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলোরও তেমন কোনো উন্নতি নেই। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মেডিকেল বোর্ড তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ডা. জাহিদ বলেন, জুন মাসে তার এনজিওপ্লাস্টি (রিং পরানো) করা হয়েছিল। এরপর কিডনি, লিভারসহ অন্যান্য সমস্যার নিয়মিত পরীক্ষাগুলো করা হয়নি। মেডিকেল বোর্ডের পরামর্শে তাই কিছু পরীক্ষা করা হলো।

এর আগে, ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদযন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত