উইন্ডিজে প্রথমবার সিরিজ জয় নিউজিল্যান্ডের

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:৪০ এএম

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। বার্বাডোজে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ ৩০১ রান তাড়া করে ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা রবিবার। সিরিজ জিতেছে ২-১-এ।

১৯৮৫ সালের পর আরও তিনবার উইন্ডিজ সফর করে নিউজিল্যান্ড। ১৯৯৬, ২০০২ আর ২০১২ সালেও উইন্ডিজ সফরে জিততে পারেনি তারা। এবারও প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। রবিবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া উইন্ডিজ কাইল মায়ার্সের ১০৫, নিকোলাস পুরানের ৯১, শেই হোপের ৫১ রান ভর করে তিনশো পেরোয়। জবাবে ৪ হাফ সেঞ্চুরিতে লক্ষ্যে পৌঁছায় কিউরা। মার্টিন গাপটিল ৬৪ বলে ৫৭, ডেভন কনওয়ে ৬৩ বলে ৫৬, টম ল্যাথাম ৭৫ বলে ৬৯ আর ড্যারেল মিচেল ৪৯ বলে ৬৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন টম ল্যাথাম। আর সিরিজসেরা হয়েছেন মিচেল সান্টনার।

এই সিরিজ জয়ে ১২ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ২৪ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উইন্ডিজ। ১২৫, ১২০ ও ১২০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান প্রথম তিন স্থানে। পয়েন্ট তালিকের প্রথম আটে বাকি দলগুলো হচ্ছে আফগানিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারত শেষ পর্যন্ত প্রথম আট দলে থাকলে নবম স্থানে থাকা দল যোগ্যতা অর্জন করবে ২০২৩ বিশ্বকাপে খেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত