চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে তিন বছরে রূপান্তর করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বরিশাল নগরের বটতলা এলাকায় মেজর এমএ জলিল সড়ক অবরোধ করেন। দুপুরের দিকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রশাসনের হস্তক্ষেপে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, ‘গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে তিন বছরে রূপান্তরের উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। আমরা শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে উদ্বিগ্ন। আমরা মনে করি শিক্ষামন্ত্রী অদূরদর্শীভাবে ডিপ্লোমা কোর্সের সময়সীমা হ্রাসের কথা ভাবছেন। এতে করে আমরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হব।’
