বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর সড়ক ছেড়েছে। এর মাধ্যমে প্রায় আড়াই ঘণ্টা ধরে বন্ধ থাকা ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাস মালিক, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের প্রতিনিধিদের বৈঠকের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার পর্যন্ত বনানী-নতুন বাজার সড়কে ২০ টাকা করে ভাড়া নেয়া হবে। সেদিন দুপুরে বৈঠকে সিদ্ধান্ত হবে ছাত্রদের ভাড়া কত হবে।
এর আগে দুপুর ১২টার দিকে চক্রাকার বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করেন বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। এতে বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেন।
