জেলা প্রশাসকের আশ্বাসে কাজে ফিরলেন ২ বাগানের চা শ্রমিক

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

মৌলভীবাজার জেলা প্রশাসকের আশ্বাসে বিশ্বাস করে কর্মবিরতি ভেঙে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া ও ইস্পাহানি মালিকানাধীন জেরিন চা বাগানে শ্রমিকরা কাজে ফিরেছেন। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে তাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে জেলা প্রশাসনের ভার্চুয়াল বৈঠকে চা শ্রমিকদের দাবি নিয়ে কথা বলবেন বলেও জানানো হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের এমন আশ্বাসে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে কাজে ফিরছেন শ্রমিকরা। তবে এখনো অনেক শ্রমিক কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মোহাম্মদ বলেন, ‘প্রশাসনের আশ্বাসে শ্রমিকদের কাজে যোগ দিতে বাগানে পাঠানো হয়েছে। এখন থেকে প্রতিদিন শ্রমিকরা কাজ করবে।’

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সর্দার জয় নারায়ন হাজরা বলেন, ‘দীর্ঘ কর্মবিরতির কারণে শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের বাড়িতে খাবার নেই। তাই আমরা আজ থেকে কাজে নেমেছি।’

এর আগে দুপুর ১২টার পর থেকে ভাড়াউড়া চা বাগানের দুর্গা মন্দির এলাকায় জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে সেখানে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে টি কম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলি, শ্রম দপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আশা রাখছি শ্রমিকরা কাজে ফিরবে। কোন ষড়যন্ত্রই তাদের রুখতে পারবে না। আমরা শ্রমিকদের সব ধরনের নিরাপত্তার বিষয়টি দেখব।’

অভিযোগ রয়েছে, অনেক শ্রমিক কাজে ফিরতে চাইলেও শ্রমিকদের একটি পক্ষ তাদেরকে বাধা দেন। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে বলছি কাজে যোগ দিতে। আপাতত ১২০ টাকা মজুরিতে আমরা কাজ করবো। আমরা ১৪৫ টাকা মজুরি প্রত্যাখান করেছি। যেহেতু  প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদেরকে দুর্গাপূজার আগে মানসম্মত মজুরি নির্ধারণ করে দেবেন, তার জন্য অপেক্ষা করছি।’

শ্রীমঙ্গলস্থ শ্রম দপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলাম বলেন, ‘আজ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হবে। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ভিডিও কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখার কথার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত