জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া রিফাত সাম্প্রতিক কাজ নিয়ে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে…
সাম্প্রতিক কাজ কেমন চলছে?
উপস্থাপনার কাজ বেশ ভালো চলছে। বাংলাদেশ টেলিভিশন বিটিভিসহ এক সঙ্গে দেশের প্রথম সারির ৫টা টেলিভিশনের সাথে প্রায় ছয় থেকে সাতটা শো যাচ্ছে। পাশাপাশি ফেইসবুক এবং ইউটিউবের জন্য ছোট ছোট কনটেন্ট বানানো হয় সময় পেলে। সাম্প্রতিক ঘটনা, ফ্যাশন এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরার চেষ্টা করি এসব ছোট ছোট ভিডিও কনটেন্টের মাধ্যমে। মানুষ খুব পজেটিভলি সেটা নিচ্ছে দেখে উৎসাহিতও হচ্ছি।
কী কী শো করছেন? বিস্তারিত জানতে চাই…
এই মুহূর্তে অনেকগুলো শো চলছে। একটা ভিন্ন ধরনের শো করছি এটিএন নিউজের সাথে। প্রোগ্রামের নাম লেট’স ড্রাইভ। সেখানে একটা ব্রান্ড নিউ গাড়ির রিভিউ করতে হচ্ছে প্রতি এপিসোডে। এ ছাড়া পৃথিবীর জনপ্রিয় সব গাড়ি, ডিজাইনার, ইতিহাস নিয়ে সেগমেন্ট আছে তেমনি ভিনটেজ কার, গাড়ির যত্ন এসব বিষয়ও তুলে ধরছি। আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। গাড়ি চালানো শিখতে হয়েছে। খুব আনন্দ নিয়ে প্রোগ্রামটা করছি। এটা প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এটিএন নিউজে অনএয়ার হচ্ছে। মজার বিষয় হলো গাড়ির শো-টা শুরু করার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারাই গাড়ি কিনছে আমাকে ফোন দিয়ে সাজেশন চাচ্ছে কোনটা ভালো হবে। যদিও অতটা অভিজ্ঞতা এখনো হয়নি। আর একটা মজার বিষয় হলো এই শোয়ের ছবি আপলোড করার পর অনেকই কমেন্ট করছিল সুপার কার ব্লন্ডি। বুঝতে পারছিলাম না কি বলছে। পরে জানলাম তিনি একজন জনপ্রিয় অস্ট্রেলিয়ান ইউটিউবার যিনি গাড়ি নিয়ে শো করেন।
বাংলাভিশনের সাথে একটা লাইভ সেলিব্রিটি টক শো উপস্থাপনা করছি যেখানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিরা অতিথি হয়ে আসেন। তাদের কাজ আর ব্যক্তি জীবন নিয়ে আড্ডা হয়। এখানে যারা গেষ্ট হয়ে আসেন শো এর মধ্যে সবার একটাই প্রশ্ন থাকে আপনি এত কিছু কি করে জানলেন? আমি অতিথি সম্পর্কে খুব রিসার্চ করে হট সিটে বসি। যেমন একটা মজার ঘটনা হয়েছে নাট্যকার মাসুম রেজা ভাইয়ের সাথে লাইভ ছিলো। তার পাসপোর্টে তার পেশা হাউস হাসবেন্ড দেয়া যেটা অনেকেই জানেন না। আমি খুঁজে বের করে যখন লাইভে প্রশ্নটা করি। তখন খুব অবাক হয়েছিলেন এবং খুব মজা করে উত্তরও দিয়েছেন। এই অনুষ্ঠানটা প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লাইভ অনএয়ার হয় বাংলাভিশনে।
আর চ্যানেল ২৪ এর সাথে একটা মিউজিক্যাল লাইভ প্রোগ্রাম উপস্থাপনা করছি। প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২.৩০ মিনিটে অন এয়ার যায়। এ ছাড়া বাংলাভিশনের সাথেও একটা মিউজিক্যাল লাইভ করছি এবং দিন প্রতিদিন নামের প্রতিদিন সকাল বেলা অনএয়ার হয়। বিটিভি এবং নাগরিক টিভিতেও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করছি।
শোগুলো করার অভিজ্ঞতা কেমন?
প্রতিটি শো বেশ আনন্দ নিয়ে করছি। আমি খুব প্রস্তুত হয়ে হট সিটে বসি। আমার অতিথি সম্পর্কে নিজে রিসার্চ করি, যে বিষয়ে কথা বলতে হবে সেটা নিজে সব ইনফরমেশন খুঁটিয়ে বের করে নিজেকে তৈরি রাখি। কারণ লাইভ অনুষ্ঠানগুলোতে যেকোনো সিচুয়েশন হ্যান্ডেল করার যোগ্যতাটা অনেক বেশি দরকার হয়। কিছুদিন আগে একটা চ্যানেলে লাইভ প্রোগ্রাম ছিল। প্রোডিউসার বললেন আর ১ মিনিট। এর মধ্যে টকব্যাকের সাউন্ড অফ হয়ে গেল। কাউন্ট ডাউন, স্টার্ট কিছুই শুনতে পাচ্ছিলাম না। কিন্তু আমার ক্যামেরাতে লাইট জ্বলতেই বুঝে নিয়েছিলাম আমি লাইভে। শো শুরু করতে হবে । শুরু করে দিলাম। খুব ভয়ে ছিলাম যে আসলেই সময় মতো পেরেছি কিনা! কিন্তু শো শেষ করতেই প্রোডিউসার ধন্যবাদ দিলেন যে একটা ডিজাস্টার ম্যানেজ করতে পেরেছি এভাবে!
সামনে আর কী কী কাজ করতে যাচ্ছেন?
উপস্থাপনাতেই থাকতে চাই। এটাই আমার প্রধান পেশা। তবে আমার এখনো কোন স্পোর্টস শো উপস্থাপনা করা হয়নি। খুব আগ্রহ আছে স্পোর্টসে কাজ করার। আর অভিনয় করার জন্য অনেক অফার তো আসেই। অভিনয়ে করার ইচ্ছেও আছে। তবে যদি মনে রাখার মত কোন কাজের সুযোগ আসে তাহলেই হয়তো করা হবে। তা না হলে শুধু টাকা ইনকাম আর পরিচিতি পাওয়ার জন্য কাজ করতে চাই না।
ব্যক্তি জীবন কেমন কাটছে?
ব্যক্তিজীবন বেশ ভালো কাটছে। কিছুদিন আগেই বেশ লম্বা একটা ট্যুর দিয়ে এলাম থাইল্যান্ড থেকে। যা কিছু করতে চাই সবকিছুতে সাপোর্ট দেওয়ার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। সব মিলিয়ে হয়তো জীবনের খুব ভালো একটা সময় পার করছি।
