পরশুরামে ১৪৪ ধারায় সমাবেশ পন্ড

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:০৮ এএম

ফেনীর পরশুরামে একই সময়ে একই স্থানে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অন্যদিকে জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও পণ্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহ ও জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ফেনী : পরশুরামে একই সময়ে একই স্থানে বিএনপি-আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির এ ধারা বহাল থাকে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম স্টেশন রোডে পরশুরাম উপজেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে দলটি। একই সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরশুরাম বাজারসহ আশপাশ এলাকায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন। দুপক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ আদেশ জারি করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম জানান, মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলা ছাত্রলীগের নেতারা বাজারে মহড়া দেয়। রাত ৯টার পর থেকে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এতে পুলিশি টহল জোরদার করা হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঝিনাইদহ : গতকাল সকালে শহরের মডার্ন মোড় থেকে পৌর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর প্রমুখ।

জামালপুর : সকালে পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত