পঞ্চগড় শহরের সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস থেকে পিকআপসহ ২১২ বস্তা চা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের গোডাউন ঘরটি সাময়িক সিলগালা করা হয়। গত সোমবার রাতে পঞ্চগড় শহরের উত্তর মিঠাপুকুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন রোডের সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে এ অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে চা পাঠানো হচ্ছেএমন খবরের ভিত্তিতে কুরিয়ারের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপসহ ২১২ বস্তা চা উদ্ধার করা হয়। কুরিয়ার প্রতিষ্ঠানের পঞ্চগড় ব্রাঞ্চের মালিক আবুল কালাম আজাদ ২১২ বস্তা চায়ের কোনো কাগজপত্র দেখাতে না পারায় পিকআপসহ চাগুলো জব্দ করা হয়। বস্তাগুলো প্রায় ৫০ কেজি ওজনের।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, এনএসআইর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। যদি কেউ এই চায়ের যথাযথ কাগজপত্র সময় মতো দেখাতে না পারে, তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টম সুপারিন্টেনডেন্ট আবু সরোয়ার, গোয়েন্দা শাখা এনএসআই সদস্য ও পঞ্চগড় সদর থানার পুলিশ।
