কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৪:০৪ পিএম

কক্সবাজারে মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি বেদার মিয়া (ইজিবাইক চালক), বেলাল উদ্দিন (রাজমিস্ত্রি), মোস্তাক মিয়া (ভিডিওম্যান)। আরও এক আসামি পলাতক রয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ।

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। ওইদিন মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার চান্দের পাড়ায় স্কুলশিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি পরিকল্পিত এবং আগের রাতেই করা হয়।

গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ওই শিক্ষিকা তার এক ভাগনির মেহেদি অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়।

পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে টমটমে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ও সময় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক আরেকটি টমটমে তুলে নেয়।

পরে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আটকে রেখে ধর্ষণ করে। উক্ত ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাতে এ বিষয়ে মামলা নেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত