টাঙ্গাইলে বিএনপির পথসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৭:৩১ পিএম

টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় সদর উপজেলা ও পৌর বিএনপির পথসভায় হামলা হয়েছে। হামলায় ১১ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ তাদের।

হামলায় আহতরা হলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক উজ্জল হোসেন, জেলা যুবদল নেতা কাজী শামসুল আজিজ লিন্টু, মো. রিপন ইসলাম, আরিফ বিল্লাহ্, কামাল হোসেন, দাইন্যা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ও মামুন।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে সাইফুল ও মামুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

বিএনপি জানায়, জ্বালানি তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দুর্নীতি এবং হামলা-মামলার প্রতিবাদে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহরের সাবালিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সহসভাপতি সাদেকুল আলম খোকা, সাবেক যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ। এ সময় সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হামলার কারণে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী অভিযোগ করেন, বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সাবালিয়ার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ১১ নেতাকর্মী আহত হয়।  

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিতুলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, শহরের সাবালিয়া এলাকায় সদর উপজেলা ও পৌর বিএনপির পথসভায় হামলার একটি ঘটনা ঘটেছে। কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত