আদালত থেকে নিজ জিম্মায় সুকন্যা

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৮:২৩ পিএম

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যাকে নিজ জিম্মায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম মল্লিক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় সুকন্যার জবানবন্দি রের্কেড করেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

সুকন্যার মা নাজমা ইসলাম মেয়েকে ফিরে পেতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। মায়ের জিম্মায় যেতে রাজি নন বলে সুকন্যা আদালতে জানিয়ে বলেন, মায়ের কাছে গেলে ভালো থাকতে পারব না। তাই সে নিজ জিম্মায় ফিরতে চান। আদালত সুকন্যা প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজ জিম্মায় যাওয়ার আদেশ দেন।

এর আগে, ২৩ জুন রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন ইয়াশা মৃধা সুকন্যা। দুই মাসেও তার খোঁজ পাচ্ছিল না পরিবার। সুকন্যার খোঁজে চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর তেজগাঁও থেকে সুকন্যাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। প্রকাশ্যে গণমাধ্যমে বক্তব্যও দেন সুকন্যা।

সুকন্যা জানান, তার মায়ের অত্যাচারে ভীত হয়ে স্বেচ্ছায় ঘর ছাড়েন তিনি। তবে তার মা নাজমা ইসলাম সব অভিযোগ অস্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত