অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শো আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ /করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘মনে হচ্ছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখনো দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক।’
