ফুলবাড়ী ট্রাজেডির ১৬ বছর, বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:২১ এএম

২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে কয়লা উত্তোলন প্রকল্প বাতিলের দাবিতে ফুলবাড়ীবাসীর বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তিন যুবক। আহত হন অনেকে।

রক্তঝড়ার ১৬ বছর পূর্তিতেও ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি আজও বাস্তবায়ন হয়নি।

২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন, আহত হয় প্রায় ২ শতাধিক। ঘটনার একযুগ পার হলেও আজও ফুলবাড়ীবাসীর ৬ দফা চুক্তি বাস্তবায়ন হয়নি।

এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে ওইদিন সকাল থেকেই ফুলবাড়ীর ঢাকা মোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। আজকের এই দিনের দুপুর ২টার দিকে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে প্রথমে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ-বিডিআর এর বেড়িকেট ভেঙে মিছিলটি এগুতে থাকলে আন্দোলনকারীদের ওপর টিয়ারসেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। বিডিআরের গুলিতে নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় প্রায় ২ শতাধিক আন্দোলনকারী জনতা।

এরপর ফুলবাড়ীবাসী ধর্মঘটের মাধ্যমে এলাকায় অচলাবস্থা সৃষ্টি করে। বাধ্য হয়ে তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার এবং দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না মর্মে ৬ দফা চুক্তি করে। পরে এলাকাবাসী ধর্মঘট প্রত্যাহার করে।

এরপর থেকে প্রতিবছর এই দিনে দিবসটি ফুলবাড়ী তেল গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটি, পেশাজীবি সংগঠন ও এলাকার সাধারণ মানুষ পালন করে আসছে।

চুক্তির একযুগ পর হলোও এখনও তা পূর্ণ বাস্তবায়ন হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত