স্বেচ্ছাসেবক দলে পদপ্রত্যাশীর কাছে ফেনসিডিল কেনার টাকা দাবি, অডিও ভাইরাল

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৮:১৯ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল কবীর সিপনের বিরুদ্ধে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে পদ দেওয়ার কথা বলে এক নেতার কাছে ফেনসিডিল কেনার জন্য টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কথোপকথনের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছয় মিনিট ৩২ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে সিপনকে বলতে শোনা যায়, কমিটি অনুমোদনের জন্য ওই টাকা দিয়ে সংগঠনের জেলা কমিটির এক নেতাকে ফেনসিডিল কিনে দিতে হবে।

তবে এনামুল কবীর এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অডিওর ওই কণ্ঠ তার নয়। অভিযুক্ত এনামুল কবীর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটনের ছোট ভাই।

অডিও রেকর্ডে শোনা যায়, উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদপ্রত্যাশী মো. পলাশ শেখ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল কবীরকে কল দেন। এরপর পলাশ শেখের কাছে কমিটি অনুমোদনের জন্য ওই প্রান্তের ব্যক্তি টাকা দাবি করেন। ওই টাকা দিয়ে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাইল (ফেনসিডিল) কিনে দিতে হবে। এ ছাড়া কেন্দ্র থেকে যখন স্বেচ্ছাসেবক দলের কমিটি (জেলা ও উপজেলা) গঠনের সময় কেন্দ্রীয় নেতাদেরও টাকা দেওয়া হয়েছে বলে ওই প্রান্ত থেকে বলা হয়। তবে ওই অডিওতে পলাশ শেখের কাছে কত টাকা দাবি করা হয়েছে, তা শোনা যায়নি।

এ বিষয়ে পলাশ শেখ অভিযোগ করে বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কথোপকথন আমার ও এনামুল কবীরের। তখন আমার কাছে এনামুল কবীর দুই হাজার টাকা দাবি করেছিলেন। এনামুল কবীর এই টাকা দিয়ে জেলার নেতাদের ফেনসিডিল কিনে দিয়ে কমিটি অনুমোদন করবেন বলে জানান। তিনি পদ দেওয়ার কথা বলে আরও অনেকের কাছে টাকা নিয়েছেন বলে শুনেছি।

এদিকে এমন অভিযোগ ওঠার পর গত ২২ জুলাই এনামুল কবীরকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল। এই নোটিশে বলা হয়, কথোপকথনটি ২০ জুলাইয়ের। তবে দুই তিন দিন ধরে অডিও রেকর্ডটি পিরোজপুর ও নাজিরপুরের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি আলোচনায় আসে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল কবীর বলেন, ওই কণ্ঠ তার নয়। কথোপকথনটি এডিট করা। তিনি কারও কাছে টাকা দাবি করেননি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি বলেন, এনামুল কবীর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের ছোট ভাই। এনামুল কবীর দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক নেতা-কর্মীকে পদ দেওয়ার অশ্বাস দিয়ে টাকা নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগটি সত্য নয়। তাদের বিরোধী পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল কবীরকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। নোটিশ গ্রহণ করে এনামুল কবীর ক্ষমা চেয়ে তার জবাব দিয়েছেন। তবে এনামুল কবীরের জবাবে সন্তুষ্ট হতে না পেরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত