প্রেমের টানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে ভারত থেকে আসা পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী ভারতের কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। তিনি শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসেন।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তন্ময় রাজবংশী (২১) ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই কিশোরীকে শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসে ওই যুবক।
কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে তন্ময় রাজবংশীর ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে উঠায়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১টার দিকে বিয়ের পিরিতে বসলে থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তন্ময়কে আটক করে পুলিশ।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাছাড়া মেয়েটির কাছে কোন পাসপোর্ট নেই। তাকে তন্ময় ফুঁসলিয়ে এদেশে এনেছে। তন্ময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে ওই কিশোরীকে আনা হয়েছে। অপরদিকে ওই কিশোরীকে আদালতের মাধ্যমে স্থানীয় সমাজসেবা বিভাগের কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।
