দ্রব্যমূল্য বৃদ্ধি, দুই কর্মী হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:০০ এএম

নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে দলীয় দুই কর্মী হত্যার প্রতিবাদে ঢাকার সাভার, কিশোরগঞ্জের ভৈরব, ঝিনাইদহের হরিণাকুন্ডু, ফরিদপুরের ভাঙ্গা ও ঠাকুরগাঁও সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

সাভার : গতকাল সকালে সাভার পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সালাউদ্দিন বাবু বলেন, ‘সারাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার। সারাদেশে তারা আজ যে মিথ্যের ফুলঝুড়ি দিয়েছিলো, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কোথায় উন্নয়ন? গ্রাম গঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে। নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। জনগণ এসব থেকে মুক্তি চায়। তাই ইভিএমের মাধ্যমে ছলচাতুরি করে আবারও ক্ষমতায় যাওয়ার সুযোগ শেখ হাসিনাকে দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল  প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডসংলগ্ন ওয়ালটন মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, রুহুল আমিন আকিল, সাংগঠনকি সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।

ঝিনাইদহ : গতকাল সকালে হরিণাকু-ু উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেল পাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গা (ফরিদপুর) : বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লার নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা হাসপাতাল গেট থেকে শুরু হয়ে বাজার বাসস্ট্যান্ড ঘুরে ঈদগাহ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান পান্না, পৌর যুবদলের সভাপতি পলাশ মুন্সি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস নিশু, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান মাতুব্বর প্রমুখ।

ঠাকুরগাঁও : বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত