টাঙ্গাইলের গোপালপুরে হৃদয় (১৩) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের বাঁশ ঝাড়ের পাশের ডোবায় থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়ে বলে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
হৃদয় ওই গ্রামের মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহত স্কুলছাত্রের স্বজনের দেওয়া তথ্যে বরাত দিয়ে ওসি মোশারফ হোসেন জানান, হৃদয় গত ৭ দিন ধরে নিখোঁজ। ২২ আগস্ট সকাল ১০টার দিকে শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। হৃদয়ের বাবা মোস্তফা দরিদ্র ভ্যান চালক। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নেন তিনি।
‘কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ রবিবার সকালে বাঁশের পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশ ঝাড়ে গিয়ে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাকচিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ শনাক্ত করেন।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
