কুড়িগ্রাম পৌর শহরের ঝিনুক সিনেমা হল সংলগ্ন হরিকেশ কোনাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা এক যুবকের রশিতে ঝোলানো অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে ওই বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পরিত্যক্ত বাড়িটির মালিক কুড়িগ্রাম শহরের আপন বেকারির জয়নাল আবেদীন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় ফুটবল খেলছিল শিশুরা। এ সময় বলটি ওই বাড়িতে গেলে এক শিশু আনতে যায়। নেওয়া সময় জানালা দিয়ে ওই বাড়ির একটি রুমে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের জানায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি জানান, একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে মরদেহটি ১০-১৫ দিন আগের। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
