এশিয়া কাপে অভিষেক হলো বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দিয়েই বড় কোনো টুর্নামেন্টে যাত্রা শুরু হলো তার।
প্রথম ওভারে আম্পায়ারের দায়িত্ব পালন করেন শ্রীলংকান রুচিরা পালিয়াগুরুগে। মাসুদুর রহমান মুকুল ছিলেন লেগ আম্পায়ারের দায়িত্বে।দ্বিতীয় ওভারে ভারতীয় পেসার আরশদীপ সিং যখন বোলিং এলেন, তখন আম্পায়ারেরও বদল হয়। প্রধান আম্পায়ারের দায়িত্বে আসেন বাংলাদেশর মুকুল।
বড় মঞ্চে অভিষেক হওয়ার আগে রোমাঞ্চ ছুঁয়ে গিয়েছিল মুকুলকে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, এটা আমার প্রথম এশিয়া কাপ। এই প্রথম আমরা দুজন এশিয়া কাপে আম্পায়ারিং করছি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো একটা বড় ম্যাচে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুবই রোমাঞ্চিত। তবে আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। আমি যদি পারফর্ম করতে পারি, সেটা আমার ও বাংলাদেশের আম্পায়ারদের জন্য বিশাল একটা অর্জন হবে। আশা করি আমরা আরও বেশি বেশি ম্যাচ পাব।’
এই ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন গাজী সোহেল।
