মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনা চিকিৎসায় সাপের কামড়ে পারভেজ বেপারী (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের হান্নান বেপারীর পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।
রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাপেকাটা রোগীর ভ্যাকসিন নেই বলে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকায় নিয়ে গেলে মিটফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই পলাশ বেপারী জানান, 'প্রতিদিনের মতো আমরা দুই ভাই একসাথে ঘুমিয়েছি। দিবাগত রাত দেড়টার দিকে আমার ভাই বলছে ডান হাতের আঙ্গুলে কী যেনো কামড় দিয়েছে। এরপর থেকে চোখে ঝাপসা দেখছে। আমরা সাথে সাথে হাতে রশি দিয়ে বাঁধ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান সাপে কাটা রোগীর ভ্যাকসিন নেই। ঢাকায় নিয়ে যেতে হবে।'
পলাশ আরও জানান, 'যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেত না। দ্রুত এ ভ্যাকসিন রাখার আহ্বান করছি। যাতে আমার ভাইয়ের মতো আর কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।'
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, রোগীকে দেরী করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পালস ছিল না। কৃত্রিম শ্বাসযন্ত্রের ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
