বাড়িতে ধুমধাম করে অমিতাভ বচ্চনের মূর্তি বসালেন প্রবাসী এক ভারতীয় দম্পতি। আর তার জন্য খরচ করলেন প্রায় ৬০ লাখ টাকা। এতে অবাক নেটিজেনরা।
আশির দোরগোড়ায় দাঁড়িয়েও বলিউডের 'অ্যাংরি ইয়াংম্যান' অমিতাভ বচ্চন। সারা বিশ্বে তার অনুরাগী রয়েছে। তবে নিউ জার্সির এডিসন শহরের বাসিন্দা রিঙ্কু ও গোপী শেঠের কাছে সিনিয়র বচ্চন দেবতুল্য। তাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই বাড়ির সামনেই প্রিয় তারকার মূর্তি বসিয়েছেন। বিশাল একটি কাচের বাক্সের মধ্যে রাখা হয়েছে মূর্তিটি।
গোপীর পরিবারের নামে টুইটার প্রোফাইল রয়েছে। তাতেই মূর্তির ছবি আপলোড করা হয়। জানা গেছে, শনিবার ধুমধাম করে মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় কমিউনিটি নেতা অ্যালবার্ট জাসানি। তিনিই মূর্তি উন্মোচন করেন। গোপী ও তার পরিবারের সকলেই সেজেগুজে মূর্তির সামনে পোজ দেন। নাচ-গানের জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়। ছিলেন 'বিগ বি'র প্রবাসী অনুরাগীরা। সূত্র : সংবাদ প্রতিদিন
