জাপোরিঝিয়া যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধিদল

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:২৩ পিএম

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি পরিদর্শক দল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এ সপ্তাহে দলটি জাপোরিঝিয়ায় যাবে। স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ কেন্দ্র করে আশপাশে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের প্রায় লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে একাধিকবার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ অবস্থায় কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে রাফায়েল গ্রোসি টুইট বার্তায় বলেন, ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের। গত মার্চ থেকে কেন্দ্রটি দখলে রেখেছে রুশ বাহিনী।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত স্থাপনাটির আশপাশে রুশ-ইউক্রেনের লড়াই তীব্র আকার নেওয়ায় নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ লক্ষ করা গেছে। ওই এলাকায় গোলাবর্ষণে একে অন্যকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন।

কয়েক দিন আগে প্রথমবার কেন্দ্রটির সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ বিচ্ছিন্নে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পারমাণবিক কেন্দ্রে বিকিরণের বিপর্যয় থেকে মাত্র একধাপ দূরে ছিল বিশ্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত